অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি হয়, এভাবে সুযোগ তুলনামূলক কম বলে মনে করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে একসঙ্গে লাখ লাখ মানুষ প্রবেশের চেষ্টা করেন। এতে সাধারণ যাত্রীদের টিকিট পেতে সমস্যা হয়। আবার কেউ কেউ একাধিক টিকিট কিনে বেশি দামে অন্যের কাছে বিক্রি করেন। ফলে এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা কঠিন।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন চালুর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, অনলাইনে টিকিটের কালোবাজারি হয়, এভাবে বলার সুযোগ আমার জানা মতে কম। অনলাইনে যখনই টিকিট কাটার জন্য উন্মুক্ত করা হয়, তখন লাখ লাখ মানুষ একসঙ্গে টিকিট কেনার চেষ্টা করেন। এতে অনলাইনে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়। ফলে অনেক সাধারণ যাত্রী প্রয়োজন থাকা সত্ত্বেও টিকিট থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, টিকিট তো সীমিত। ঈদের সময় আমরা যদি ৩২ হাজার যাত্রীর টিকিট দিতে পারি, সেখানে ঘণ্টার মধ্যে ৩৪ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করেন। ফলে অনলাইনে প্রবেশ করাটাই কঠিন হয়ে যায়। যারা একটু অভিজ্ঞ, তারা আগে প্রবেশ করে টিকিট নিয়ে নেন।