গাজীপুরের টঙ্গীতে দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপনকে দিন-দুপুরে অপহরণ করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং মাদক, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার হুমকি দিয়ে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে টঙ্গী বাজারের সেনাকল্যাণ শপিং কমপ্লেক্স-সংলগ্ন হোন্ডা রোডের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মহিউদ্দিন রিপন বলেন, সোমবার দুপুরে পেশাগত সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে আমি আসি। সেখানে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কথা বলে তাকে সঙ্গে নিয়ে গাজীপুরে সিটি করপোরেশনের দিকে রওনা দিই। ঠিক তখনি একদল অজ্ঞাত দুর্বৃত্তরা আমাকে ঘিরে ধরে। এরপর মোটরসাইকেলসহ আমার হাত, চোখ ও মুখ বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সেখানে নিয়ে আমাকে প্রাণনাশের ভয় দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। এছাড়া মাদকবিরোধী কোনো সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের লাইভ সম্প্রচার না করার জন্য কঠোর হুমকি দেওয়া হয়।