মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের বাইরে থাকলেও যোগাযোগের সুযোগ দিতে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা চালু করেছে বাংলালিংক। এ প্রযুক্তির মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার, বার্তা আদান-প্রদান ও অবস্থান শেয়ারের মতো সুবিধা পাওয়া যাবে।
চালুর প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই ফ্রিতে সুবিধা দিচ্ছে অপারেটরটি। দ্বিতীয় মাস থেকে নির্বাচিত মাসিক প্যাকের সঙ্গে পাওয়া যাবে সেবাটি।
যেভাবে চালু করবেন সেবা
স্টারলিংকভিত্তিক এ সেবা ব্যবহারের জন্য আলাদা স্যাটেলাইট ফোন, ডিশ, অ্যান্টেনা কিংবা বিশেষ কোনো যন্ত্র কেনার প্রয়োজন নেই। একটি সমর্থিত ফোরজি (4G) ফোন ও বাংলালিংক সিম থাকলেই সেবা ব্যবহারের সুযোগ রয়েছে। তবে ফোনটি এ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং ব্যবহারকারীকে স্যাটেলাইট কাভারেজের আওতায় থাকতে হবে।