রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।’

তিনি বলেন, ‘আজকে বিএনপির যে অর্জন, একটি গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক দল হিসেবে দীর্ঘ সংগ্রাম-লড়াই করে বিএনপি যে সত্যিকারের একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই বেগম খালেদা জিয়া।’

বিএনপির সাবেক এই নেতা আরও বলেন, দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, নিজের প্রশ্নে আপস না করা, দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়ার এই মহান নেত্রী আজ আমাদের মাঝে নেই। তার অনুপ্রেরণা সবসময় নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, যে দল সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা—এই সরকার দেশের জন্য বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন-২০৩০ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তার দলের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ন রাখবে।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, পাবনা-৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এমপিসহ সহাস্রাধিক নেতা-কর্মী-সমর্থক।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর