সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের এই ‘ঈশ্বর’।
সেই হিসেবে আজ আজ ৫৩ বছরে পা দিলেন শচীন টেন্ডুলকার। জীবন্ত কিংবদন্তির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তবে পুত্র অর্জুন টেন্ডুলকার এখন অনেকটাই দূরে। আইপিএলে লক্ষ্নৌ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন শচীনপুত্র। বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই, তবে বাবার জন্য একটি কাজ করতে রাজি হননি অর্জুন।
সোশাল মিডিয়ায় লক্ষ্নৌর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘শচীন স্যার, অর্জুন ও আমাদের পক্ষ থেকে আপনার জন্য কেক রইল। শুভ জন্মদিন।’ ওই ভিডিওতে অর্জুন এসে কেকটি তুলে ধরে বলেন, ‘শুভ জন্মদিন। কিন্তু আমি এই কেকটি খেতে পারব না। আমি খুব একটা মিষ্টি খাই না। তাড়াতাড়ি দেখা হবে।’ তারপর শচীন ও অর্জুনের একাধিক ছবির কোলাজ পোস্ট করা হয়।
জন্মদিনের আগে একদা নকশাল অধ্যুষিত বস্তারে শিশুদের সঙ্গে খেলাধুলোয় সময় কাটান ‘মাস্টার ব্লাস্টার’। দান্তেওয়াড়ার ছিন্দনার গ্রামে মেয়ে সারা ও পুত্রবধূ সানিয়া চান্দোককে নিয়ে উপস্থিত শচীন। শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন ৫০টি স্কুলের মাঠ ও পরিকাঠামো উন্নয়নের কাজ করবে। সেখানে স্ত্রী অঞ্জলি ও পুত্র অর্জুনেরও অবদান আছে। ৫ হাজারেরও বেশি শিশু-কিশোর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যেখানে কাবাডি, খো খো, দড়ি টানাটানির মতো খেলা ছিল।