মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না: আমান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং এর মাধ্যমে দেশ একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। শহীদদের রক্তের প্রকৃত মর্যাদা তখনই রক্ষা পাবে, যখন একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে কোনো ত্যাগের বিনিময়ে অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে জুলাই আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রিয়াজ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে। তাদের স্মৃতি ও আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করা এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জনগণের কাছে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, রোহিতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা সেবক দলের নেতা মো. মহসিন কবীর, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে শহীদ রিয়াজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর