শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

নরসিংদী-তারাগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে
নরসিংদী-তারাগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ ও নরসিংদীর মনোহরদীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। চার শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে সাফায়াত (২) ও সিদরাতুল মুনতাহা (১৯ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে মারা যায় সাফায়াত। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফায়াত তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে সে ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় সিদরাতুল মুনতাহা। সে ওই গ্রামের মো. মহব্বত আলীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল মুনতাহা। একপর্যায়ে অসাবধানতাবশত পাশের একটি ছোট পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় দেখা হচ্ছে। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়া জরুরি বলেও জানান তিনি।

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে ফুফাতো ভাই।

নাবিল একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।

দুই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ। একপর্যায়ে নির্জন সড়কটির পাশের একটি ডোবায় পড়ে যায় নাবিল। তাকে টেনে তুলতে গিয়ে তাওহীদও ডোবায় ডুবে যায়।

কিছুক্ষণ পর একজনের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য টেনে তুলতে যান। এ সময় দেখা যায়, তার হাতে অপর শিশুটির হাত ধরা। পরে স্থানীয় লোকজন পানির নিচ থেকে অপর শিশুটিকেও উদ্ধার করেন।

দুই শিশুকে দ্রুত পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর