তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) গোলাম কিবরিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
একই সঙ্গে তাকে স্বপদে বহাল করা হয়েছে এবং বরখাস্তকালীন সময়ের সব আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হয়নি।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে বহাল করা হয়েছে।
এর আগে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছিল।
অভিযোগ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গোলাম কিবরিয়ার বরখাস্তকালীন সময়ের সব বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।