বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম রূপপুরের প্রতিটি ইউনিট

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পুরোনো ছবি

প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

পরবর্তীকালে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদন প্রয়োজন হবে।

বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে (Trial Operation) জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রাশান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের Trial Operation সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। অর্থাৎ, দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে সর্বমোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে এ বিদ্যুৎকেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর