সাতক্ষীরা-আশাশুনি সড়কে ইজিবাইক চলাচল বন্ধ করা হলে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আশাশুনি উপজেলা সম্মেলিত ইজিবাইক মালিক সমিতির নেতারা।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি-বুধহাটা-চাপড়া ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন থেকে নেতারা এ ঘোষণা দেন।
চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম ও আশাশুনি ইজিবাইক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলামসহ দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক উপস্থিত ছিলেন। মতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌরসভায় যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় উপজেলার ইজিবাইক চলাচলে নিষেধ করছে পৌর প্রশাসন, আমরা সেটা মেনে নিয়েছি; কিন্তু উপজেলার সঙ্গে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য কিন্তু বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না। সে কারণেই আমরাও আজ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি; যদি পৌরসভার বাইরে ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হয় তাহলে সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের পরিবার আছে তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে সুতরাং তাদের চলাচল করতে বাধা না দিয়ে আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে। জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারা অধিকার কারও নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে তাদেরকে সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।