সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবার শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ শুরু হওয়ায় তীব্র গ্যাস সংকট কাটবে এবং বিদ্যুৎ উৎপাদন ও শিল্প উৎপাদনের গতি কিছুটা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে দৈনিক প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রাত ২টার মধ্যে সরবরাহ পর্যায়ক্রমে বেড়ে প্রায় ৫৫০ এমএমসিএফডিতে পৌঁছাবে বলে আশা করছে সামিট।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) এলএনজি মজুত শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর আজ নতুন কার্গো আসার পর পুনরায় সরবরাহ শুরু হলো।