মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

রোনালদোর বিয়ে ভেবে অন্যের বিয়েতে ভক্তদের হট্টগোল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে
রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে তুলকালাম। ছবি: সংগৃহীত

সম্প্রতি শোনা যাচ্ছিল, দীর্ঘদিনের বাগদত্তা জর্জিওনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের শহর মাদেইরায় সেই বিয়ের জমকালো আয়োজন হবে বলে সিআর সেভেন নিজেই জানিয়েছিলেন। আর সেই গুঞ্জনকে উসকে দেয় রোনালদোর বোনের একটি পোস্ট। এতেই ভক্তদের মধ্যে উন্মাদনা আর শোরগোল। প্রিয় তারকাকে একনজর দেখতে ও বিয়ের মুহূর্তের সাক্ষী হতে বিয়ের ভেন্যু ফুনচাল ক্যাথেড্রালের সামনে জড়ো হন হাজার হাজার ফুটবলপ্রেমী। তবে সবাইকে হতে হয় বোকা।

রোনালদোর বিয়ে ভেবে অন্যের বিয়েতে ভক্তদের হট্টগোল

আগে থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, রোনালদো ও জর্জিওনার বিয়ে এই সপ্তাহেই হবে। ওই ভেন্যুতে গত শনিবার দেখা যায় একটি জমকালো বিয়ের অনুষ্ঠান আয়োজনরে। ব্যস, আর যায় কোথায়! হাজার হাজার ভক্ত হাজির হয়ে যান পর্তুগালের মদেইরা দ্বীপের ঐতিহাসিক সেই ফুনচাল ক্যাথেড্রালে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, এটি রোনালদোর বিয়ে নয়! ভুল তথ্য আর গুঞ্জনে বিশ্বাস করে পুরোপুরি অচেনা এক দম্পতির বিয়েতে গিয়ে অনাহূত অতিথি বনে গেলেন ভক্তরা।

এই অদ্ভুত ও হাস্যরসাত্মক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। খবরটি নজরে আসতেই নিজেকে ধরে রাখতে পারেননি ৪১ বছর বয়সী এই আল-নাসর তারকা। ইনস্টাগ্রামে প্রকাশিত সংবাদের নিচে একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো।

রোনালদোর বিয়ে ভেবে অন্যের বিয়েতে ভক্তদের হট্টগোল

ঘটনার সময় ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের সামনে জড়ো হওয়া ভক্তদের অনেকের গায়েই ছিল রোনালদোর আইকনিক ‘নাম্বার সেভেন’ জার্সি। হাতে ক্যামেরা ও স্মার্টফোন উঁচিয়ে সবাই অপেক্ষা করছিলেন সিআর সেভেন ও জর্জিওনার এক ঝলক দেখার জন্য। ভিড় এতটাই প্রকট আকার ধারণ করে যে, গির্জার মূল দরজা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমনকি বর-কনের আত্মীয়স্বজন ও অতিথিরাও গির্জায় প্রবেশ করতে হিমশিম খান।

ভক্তদের ভুল ভাঙে যখন কনে গির্জায় এসে পৌঁছান। তিনি রোনালদোর বাগদত্তা জর্জিওনা রদ্রিগেজ নন, বরং নিকোল নামের এক নারী! ভেতরে তার জন্য অপেক্ষা করছিলেন বর ফাবিও।

সম্প্রতি রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো মদেইরায় নিজের পৌঁছানোর একটি ভিডিও শেয়ার করে লেখেন—তিনি এক ‘পার্টিতে’ যোগ দিতে এসেছেন। এতে ভক্তরা ধরে নেন, পরিবারটি হয়তো রোনালদোর বিয়ের আয়োজনেই মেতেছে। বিয়েতে এমন নজিরবিহীন ভিড় ও বিভ্রান্তি সত্ত্বেও বিষয়টিকে বেশ উপভোগ করেছেন উপস্থিত অতিথিরা।

রোনালদোর বিয়ে ভেবে অন্যের বিয়েতে ভক্তদের হট্টগোল

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিওনা রদ্রিগেজ। ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর প্রকাশ পায়। এই দম্পতির সংসারে রয়েছে পাঁচ সন্তান। সূত্র: পিপল ও ইন্ডিয়ান এক্সপ্রেস

পর্তুগিজ যুবরাজ নির্দিষ্ট তারিখ না জানালেও ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপের পর শুভকাজটি সেরে ফেলার। তবে আপাতত নিজের বিয়ে না হলেও, অন্য দম্পতির বিয়ের এই মজাদার গোলযোগ সামাজিক মাধ্যমে ভক্তদের পাশাপাশি বিনোদন জুগিয়েছে খোদ রোনালদোকেও!

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর