প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেক চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে আলাদা আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় যে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তাও বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল এ তথ্য জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আপনারা জানেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটি এখনো বহাল আছে।’
এদিকে, বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই।’
তিনি বলেন, ‘আপনি যে অনুষ্ঠানের কথা উল্লেখ করছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে, সেগুলোরও সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না।’
উল্লেখ্য, ভারত বর্তমানে ব্রিকসের চেয়ারম্যান দেশ এবং আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এ সম্মেলন আয়োজন করবে। আউটরিচ অধিবেশনে সদস্যভুক্ত নয় এমন দেশ ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ থাকে। বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ার বা সভাপতি। তাই বিমসটেক চেয়ার বা সভাপতি দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। চেয়ার দেশের সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আমন্ত্রণ পেয়েছেন। সম্মেলনে ব্রিকস সদস্যদেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এ ধরনের সম্মেলনে বিভিন্ন দেশের স্টেকহোল্ডারদের সঙ্গে সাইডলাইন বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ থাকে।