কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাসনাত বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে রাজনীতিবিদরা নীরব থাকে। কারণ নির্বাচনের আগে রাজনীতিবিদরা ব্যবসায়িক সিন্ডিকেটদের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পরে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকে।
তিনি আরও বলেন, আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলব। সংসদে যদি আপনি আমাদের কথা বলতে না দেন, আমরা সংসদের বাহিরে কথা বলব, জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে দূরে রাখতে পারবেন না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।
এ সময় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ অনেকে।