ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘হানিফ পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার শুরু হয়। এতে বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।