রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ আবাসিক হোটেল কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যাত্রাবাড়ী আবাসিক এলাকার অন্তর্গত সামাদ সুপার মার্কেট সংলগ্ন রায়হান সুপার মার্কেটে অবস্থিত একটি মহিলা মাদ্রাসার সঙ্গে অবৈধভাবে আবাসিক হোটেল ভাড়া দেওয়া হচ্ছে। এতে করে এলাকার সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং নৈতিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, আবাসিক এলাকায় এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও আইনবিরোধী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান।
মানববন্ধনের আয়োজন করেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক সদস্য জাহিদ হাসান শিপলু। এতে স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সংহতি প্রকাশ করেন।
এ সময় বক্তারা আরও বলেন, জনস্বার্থে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, নতুবা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।