আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ ও ঢাকা ৭ আসনের যে কোনো ধরনের অরাজকতা নির্মূলে র্যাব-১০ প্রস্তুত রয়েছে এবং ভোটের দিন সকাল ৮টা থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে র্যাব বলে মন্তব্য করেছেন কমান্ডার তানভীর হাসান শিথিল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে র্যাব-১০ লালবাগ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পুরান ঢাকার কবি নজরুল সরকারী কলেজ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরে তারা পার্শ্ববর্তী ঢাকা গভঃ মুসলিম হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের দায়িত্ব ঢাকা ৬ ও ঢাকা ৭ আসন। এই আসনের নিরাপত্তা দ্বায়িত্বে আমরা আছি। প্রত্যেকটা কেন্দ্রে পেট্রোল ফোর্স ইতোমধ্যে চলে গেছে । প্রতিটি কেন্দ্রে ড্রোন ও ডগ স্কোয়ার্ড থাকবে। ইতোমধ্যে সকল কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যেকোনো ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করতে আমরা প্রস্তুত আছি এবং আমাদের সেই সক্ষমতা আছে। ভোট শুরু থেকে গননা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবোএবং সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা সর্বদা তৎপর থাকবো।
তিনি বলেন, নির্বাচনে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মূল করতে না পারলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সেনাবাহিনী পদক্ষেপ নিবে।
এ সময় সাংবাদিকরা নির্বাচনে টাকা লেনদেনের বিষয়ে র্যাব কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এবং যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবে। নির্বাচন সুরক্ষা নামে একটি অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে অ্যাপসে জানানো মাত্রই আমরা ব্যবস্থা নেব।