বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে লম্বা লাইন, যা বলছেন শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত হয়েছে
ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

রোকেয়া হলের শিক্ষার্থী স্বপ্না আক্তার বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। আগে এসে ভোট দেওয়া ভালো।

শিক্ষার্থী দিবা বলেন, ক্যাম্পাসে ভোট উপলক্ষে উৎসবের পরিবেশ বিরাজ করছে। সকাল সকাল ভোট দিয়েছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ব্যালট যুদ্ধ বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলবে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গণনা শুরুর পর ফল প্রকাশ করবে। একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো রকম বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট দিতে সক্ষম হবেন বলে আশা করছে নির্বাচন কমিশন।

ভোট গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফল গণনা প্রদর্শিত হবে। সবশেষে সিনেট ভবন মিলনায়তনে সব কেন্দ্রের মোট ফল ঘোষিত হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৮টি প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের পাশাপাশি থাকছে মোবাইল প্যাট্রল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি (সাদা পোশাকে), সিসিটিভি মনিটরিং সেল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর