বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ খেলোয়াড় নিশ্চিত, বাকি ৪ ভাগ্যবান কারা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে
কাতারে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বজয়ের অপেক্ষা ফুরিয়েছিল। ছবি : সংগৃহীত

চার বছর আগে কাতারে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বজয়ের অপেক্ষা ফুরিয়েছিল। ফ্রান্সকে হারিয়ে স্বপ্নের শিরোপায় চুমো এঁকেছিল মেসি-ডি মারিয়ারা। আলবিসেলেস্তেদের সামনে এবার সেই শিরোপা ধরে রাখার পালা। সেই লক্ষ্যে বিশ্বকাপ দলের চূড়ান্ত স্কোয়াডের ২২ জন খেলোয়াড় প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে খোদ আর্জেন্টিনার গণমাধ্যম । কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় থাকা ২৬ জনের দলের বাকি ৪টি পদের জন্য এখন চলছে ফুটবলারদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

মুন্দদেপর্তোর খবর অনুযায়ী, স্কালোনির দলে যে ২২ জনের জায়গা নিশ্চিত ধরা হচ্ছে তারা হলেন—এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুয়ি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, এক্সেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, হোসে লোপেজ এবং নিকোলাস গঞ্জালেজ। এই তালিকা থেকে এখনও মাত্র চারটি জায়গা খালি রয়েছে। সুযোগ পেতে লড়ছেন প্রাথমিক স্কোয়াডের বাকি সদস্যরা।

গত সোমবার সকালে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করে আর্জেন্টিনা। প্রত্যাশিত অনেক তারকার পাশাপাশি বেশ কিছু চমকও রাখেন স্কালোনি। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্তত ৬ জন সদস্য। অবসর নেওয়ায় অ্যাঞ্জেল ডি মারিয়া নিশ্চত ভাবেই দলে থাকছেন না। এছাড়াও ফ্রাঙ্কো আরমানি, আনহেল কোরেয়া, পাপু গোমেজ, হুয়ান ফয়েথ এবং পাওলো দিবালার মতো তারকাদেরও রাখা হয়নি প্রাথমিক দলে। দিবালার অনুপস্থিতি ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসের বদলে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে।

বড় চমক হিসেবে প্রাথমিক তালিকায় গোলরক্ষক হিসেবে রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলত্রানকে রাখা হয়েছে। রক্ষণে নাহুয়েল মোলিনা চোটে থাকায় আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদোর নাম আলোচনায় উঠে এসেছে। এছাড়া রক্ষণভাগে লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো এবং মিডফিল্ড ও আক্রমণভাগে মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো তরুণদের অন্তর্ভুক্ত করেছেন স্কালোনি। বিশেষ করে আরান্দাকে নিয়ে কোচ বেশ উচ্ছ্বসিত, যার সম্পর্কে তিনি বলেছেন, ‘স্কালোনির নজরে তারা অনেক দিন ধরেই ছিলেন’।

বাস্তবে স্কালোনির হাতে ফাঁকা থাকা ৪টি পদের জন্য লড়াইটা বেশ কঠিন। তৃতীয় গোলরক্ষক পদের জন্য হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেসের মধ্যে প্রতিযোগিতা চলছে। অন্যদিকে বামপ্রান্তের ব্যাকআপ হিসেবে মার্কোস আকুনা ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজনকে বেছে নিতে হবে কোচকে। দলে ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো অভিজ্ঞরাও। তবে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহাতারকা লিওনেল মেসি, যাকে ঘিরেই বিশ্বজয়ের স্বপ্ন বুনছে আলবিসেলেস্তেরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর