শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

একদিনে হরমুজ প্রণালির ৩ জাহাজে হামলা চালাল ইরান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে
হরমুজ প্রণালিতে আইআরজিসির গানবোট। পুরাতন ছবি

হরমুজ প্রণালিতে একদিনে ৩টি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। গুরুত্বপূর্ণ এই প্রণালিতে আজ বুধবার (২২ এপ্রিল) অন্তত ৩টি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর রয়টার্সের।

ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়। গানবোটে তিনজন আরোহী ছিলেন।

জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে তাদের প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল।

যদিও আইআরজিসি বলছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে সেটি হরমুজে প্রবেশ করে।

এছাড়া, ইরান থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী এ জাহাজের অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং নাবিকেরা নিরাপদ আছেন।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও হামলার শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটির কোনো ক্ষতি না হলেও সেটি মাঝসমুদ্রে থেমে গেছে। তবে নাবিকরা নিরাপদ রয়েছেন।

উল্লেখ্য, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে দেশটি এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হতো। এখন প্রণালিটি কার্যত বন্ধ থাকায় বিশ্ব তেল বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর