শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ইন্ডিয়ান এম্পায়ার ম্যাগাজিনের নিবন্ধ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে
বাংলাদেশ-ভারত পতাকা ও ইন্ডিয়ান এম্পায়ার ম্যাগাজিনের নিবন্ধের ছবি। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে কোথাও যেন অপেক্ষা করছে একটি করমর্দন। তবে এখনো এর সঙ্গে যুক্ত হয়নি কোনো চূড়ান্ত তারিখ, সফরসূচি কিংবা আনুষ্ঠানিক ঘোষণা। তবে সফরের সম্ভাব্য সময় হিসেবে নভেম্বর মাসের কথা বিবেচনা করা হলেও দুই পক্ষই আগে রাজনৈতিক পরিবেশের অনুকূলতা খুঁজছে।

ভারত ও বাংলাদেশের দুই শীর্ষ নেতার করমর্দন কেবল ছবি তোলার আনুষ্ঠানিকতা নয়। বরং ভৌগোলিক অবস্থান, ইতিহাস, বাণিজ্য ও দীর্ঘ অভিন্ন সীমান্তে আবদ্ধ দুই প্রতিবেশী গভীর অবিশ্বাসের সময় পেরিয়ে কার্যকর সম্পর্ক পুনর্গঠন করতে পারবে কি না, তারও ইঙ্গিত বহন করবে এই সাক্ষাৎ।

বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন তারেক রহমানের আবির্ভাব সেই সুযোগ তৈরি করেছে।

তবে এই সফর সম্পর্কের মোড় ঘোরানো ঘটনায় পরিণত হবে কি না, তা নির্ভর করবে আনুষ্ঠানিকতার চেয়ে দুই সরকার কী নিয়ে আলোচনা, সমঝোতা ও বাস্তবায়ন করতে প্রস্তুত, তার ওপর। নয়াদিল্লি থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন ইন্ডিয়ান এম্পায়ারের এক সংখ্যায় এসব তথ্য উঠে এসেছে।

নির্বাসন থেকে প্রত্যাবর্তন

প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় ফেরেন তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনার দীর্ঘদিনের সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বড় পরিবর্তন আসে, সেই পরিপ্রেক্ষিতেই তার প্রত্যাবর্তন। তার দেশে ফেরা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য একটি আবেগঘন মুহূর্ত।

তারেক রহমান এমন এক সময়ে দেশে ফেরেন, যখন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠান চাপের মুখে, অর্থনীতি নানা সংকটে এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশে ফেরার কয়েক দিন পরই মারা যান তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার জানাজায় ঢাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয় এবং বিভিন্ন দেশের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর