বিশ্বকাপের ‘জে’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ের আগে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।
২৫ হাজার সিমুলেশন চালিয়ে অপ্টার সুপারকম্পিউটার বলছে, ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। নিশ্চিন্তেই প্রতিপক্ষকে হারাবে লিওনেল স্কালোনির দল। তাদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ।
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। আগামীকাল বিশ্ব আসরে আর্জেন্টাইনদের দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। র্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে অস্ট্রিয়া আলজেরিয়ার চেয়ে খানিকটা এগিয়ে। তাই ছন্দে থাকলেও এই ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর্জেন্টিনা।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে। সর্বশেষ ১২ ম্যাচে তারা জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার।
আবার, পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। কারণ ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর জয় পায়নি আলবিসেলেস্তিরা। আর ম্যাচের আগে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে খানিকটা হুংকারও দিয়ে রেখেছে। অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেছেন, ‘আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির ওপরও ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি, তাহলে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করি।’
দুই দলই প্রথম ম্যাচ জয় পাওয়ার কারণে এই ম্যাচের জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে। তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার।