বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মুছা (৩০)। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার উত্তর সালদা গ্রামের কুরবান আলীর ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদে থাকা তিন যুবক হঠাৎ নিচে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানান, নিহত মুছা গাজীপুর থেকে ট্রেনের ছাদে উঠে বোনের বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।

স্থানীয়দের ভাষ্য, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা ট্রেনের ছাদে যাতায়াত বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে থাকা তিন যুবক ঘুন্টি এলাকায় এসে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান এবং আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিহত মুছার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি চলন্ত ট্রেনের ছাদে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর