বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে
জয় পেয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

জিততেই যেন ভুলে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট থেকে এডিনবার্গ—ভেন্যু বদলালেও নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পাচ্ছিল না কোনো সুখবর। অবশেষে টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল জ্যোতির দল।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতে জিতে মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ। এরপরই পা হড়কাতে থাকেন জ্যোতিরা। সিলেটে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ সামনে রেখে স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক স্কটিশ ও ডাচদের বিপক্ষে ৮ উইকেট ও ৮ রানে হারে জ্যোতির দল। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ আজ পেল স্বস্তির জয়। এডিনবার্গে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে জ্যোতির দল।

১৫৩ রানের লক্ষ্যে নামা স্কটল্যান্ড চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে। একপর্যায়ে স্কটিশদের স্কোর হয়ে যায় ১৫.২ ওভারে ৬ উইকেটে ৯৩ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ড ১৯ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। যার মধ্যে ৬ রানে শেষ ৪ উইকেট হারায় স্কটিশরা। সারাহ ব্রাইস করেন ৪১ বলে ৪০ রান। চতুর্থ উইকেটে আলিসা লিস্টার ও সারাহ ব্রাইসের ২৮ বলে ৩৮ রানের জুটিই স্কটিশদের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি।

বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিতু মণি ২ ওভারে ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। রাবেয়া খান, সোবহানা মোস্তারি নিয়েছেন একটি করে উইকেট।

এডিনবার্গে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির ৫৮ রান বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। ৪৭ বলের ইনিংসে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও মেইসি ম্যাকেইরা নিয়েছেন দুটি করে উইকেট। বাংলাদেশের ৪০ রানের জয়ে অধিনায়ক জ্যোতি হয়েছেন ম্যাচসেরা।

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এডিনবার্গে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পূর্বপ্রস্তুতি বলা চলে। পরশু একই ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে এক নম্বর গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর