রাজধানীর ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপতথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন মোঃ জয়নাল আবেদীন (৫৭) নামের এক ব্যক্তি।
জানা যায়, গত ১০ মে ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ফেসবুক স্ক্রলিং করার সময় তিনি “আমার দেশ দৈনিক প্রতিদিন” নামক একটি ফেসবুক পেইজে নিজের ও তার বড় ভাইয়ের ছবি ব্যবহার করে একটি ভিডিও দেখতে পান। অভিযোগ অনুযায়ী, ভিডিওটির সঙ্গে বিভিন্ন অসত্য, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য সংযুক্ত করে প্রচার করা হয়েছে।
এ ঘটনায় ভবিষ্যতে আইনগত জটিলতা ও সামাজিক বিভ্রান্তি এড়াতে তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরীর আবেদন করেন। তার আবেদনের ভিত্তিতে থানায় জিডি নং-৯৪৪, ট্র্যাকিং নং-TVXOSQ হিসেবে সাধারণ ডায়েরীটি গ্রহণ করা হয়। জিডিটি গত ১৩ মে ২০২৬ তারিখে রেকর্ডভুক্ত করা হয়েছে।
জিডিতে মোঃ জয়নাল আবেদীন উল্লেখ করেন, বর্তমানে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকলেও বিষয়টি ভবিষ্যতের জন্য রেকর্ডভুক্ত রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ডেমরা থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
উল্লেখ্য, সাধারণ ডায়েরীটি ডেমরা থানা ডিএমপি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে।