বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত হয়েছে

আগামী বছর (২০২৬ সালে) বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যেতে পারবেন ৭৮ হাজার ৫০০ মুসল্লি। এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি হয় বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণলায়।

মন্ত্রণালয়টি জানায়, হজ চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ সই করেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও ওমরাহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া, মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী এরই মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের সুযোগ থাকলেও নিবন্ধন করেছেন ৭৮ হাজারের মতো হজযাত্রী।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর