রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ডিম কুড়াতে গিয়ে বাসের চাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ছয়টি গাড়ি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে উল্টে যাওয়া একটি ডিমবোঝাই ট্রাক থেকে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। শনিবার রাত আটটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকভর্তি ডিম সড়কে ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে স্থানীয় লোকজন সড়কে নেমে এলে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।

স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। অন্য নিহত ব্যক্তিরা হলেন- স্থানীয় বাসিন্দা লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহত ব্যক্তিদের সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর