কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। খোলা বাজারে প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮২৫ টাকায়।
শনিবার (৪ জুলাই) সকালে ‘জলতরঙ্গ’ নামে একটি ফিশিং ট্রলারে জেলে কাদের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স আনিষা এন্টারপ্রাইজ আড়তে ডাকের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী রহমান মাছটি কিনে ঢাকায় পাঠানোর জন্য সংগ্রহ করেন।
আড়তের ম্যানেজার মেহেদী হাসান জানান, বড় আকারের হওয়ায় ইলিশটি উচ্চ দামে বিক্রি হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ ধরা পড়ছে। এতে ইলিশের উৎপাদন ও সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।