সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় বিদ্যালয়ের মাঠে। একটু ভারি বৃষ্টি হলেই সেই পানি সরতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরা ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামে অবস্থিত মহালক্ষ্মীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় ও মহালক্ষ্মীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চিত্র এটি।
সরেজমিন দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এবং দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটায় মাঠের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঠে চলাফেরা করতে ও বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমানে পানির মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। খেলাধুলার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, মহালক্ষ্মীপাড়া গ্রামটি উপজেলার অন্যতম বড় ও জনবহুল গ্রাম। এটি সদর ইউনিয়নের একটি গ্রাম। বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম জায়গাও এই মাঠ। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠে পানি জমার এ ঘটনা বারবার হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং বিদ্যালয় মাঠে বড় বড় গর্ত থাকায় বৃষ্টির পানি মাঠে জমে যায়। এতে বিদ্যালয়ে প্রবেশ ও বাহির হতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। পানি জমে থাকার কারণে তারা খেলাধুলাও করতে পারছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সমস্যা নিরসনের জন্য তারা দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক আহমেদ বলেন, বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায় বলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা প্রাত্যহিক খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে তারা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি করতে মাঠটি সংস্কার করা জরুরি।
মহালক্ষ্মীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন বলেন, বৃষ্টি হলে মাঠে জড়াবদ্ধতার কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হয়। শিক্ষার্থীদের খেলাধুলারও তেমন সুযোগ থাকে না। সমস্যাটি নিরসনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি মো. মহসিন কবির সরকার বলেন, মহালক্ষ্মীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয় প্রবেশ ও বাহির হতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের খেলাধুলায়ও সমস্যা হচ্ছে। বিদ্যালয় মাঠটি দ্রুত সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা দরকার।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বিষয়টি জানিয়েছেন। তারপর বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। সমস্যাটি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম বলেন, শিগগির ওই বিদ্যালয় পরিদর্শন করা হবে। বিদ্যালয় মাঠ থেকে পানি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।