মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছে আলবেসিলেস্তেরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দলের প্রস্তুতি, নিজের ভূমিকা এবং অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানাতে গিয়ে এনজো স্মরণ করেন ২০১৬ সালের একটি ঘটনা। কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসি যখন জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তখন এক খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, ‘লিও, দয়া করে আমাদের ছেড়ে যেও না।’

সেই চিঠির প্রসঙ্গ উঠতেই এনজো বলেন, ‘আজ যদি আবার লিওকে চিঠি লিখতে বসি, তাহলে তার কাছ থেকে যা শিখেছি, তা লিখে শেষ করতে একটি পুরো বইও যথেষ্ট হবে না। তার পাশে খেলে আমি অসাধারণ অনেক কিছু শিখেছি।’

গত কয়েক বছরে নিজের ক্যারিয়ারের পরিবর্তন নিয়েও কথা বলেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘চার বছরে আমি অনেক কিছু শিখেছি। এখন নিজেকে আরও পরিণত মনে হয়। প্রতিদিন আরও ভালো করার জন্য আমি আগের চেয়ে বেশি চেষ্টা করি।’

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক আর্জেন্টাইন এ তারকা। প্রতিপক্ষের খেলার ধরন বিশ্লেষণ করে তিনি বলেন, ‘অস্ট্রিয়া আক্রমণাত্মক ফুটবল খেলে। তারা আক্রমণে ওঠার সময় খুবই আগ্রাসী থাকে। কিছু জায়গা ফাঁকা রাখলেও তাদের গতি ও তীব্রতা বিপজ্জনক। তবে প্রতিপক্ষ যেই হোক, বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’

নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে এনজো বলেন, ‘আমি আমার বর্তমান পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করি। একাদশে সুযোগ পেলে সবসময় দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। বল পায়ে রাখতে ভালো লাগে, এতে আমার আত্মবিশ্বাস বাড়ে।’

কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার সঙ্গে এবারের শুরুর তুলনাও টানেন তিনি। এনজো বলেন, ‘কাতারে প্রথম ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে এরপর যা ঘটেছে, তা ছিল অবিশ্বাস্য এক রূপকথা। এবার আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পেরে আমরা আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সও ছিল বেশ ভালো।’

বর্তমান ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়েও মন্তব্য করেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। তার মতে, ‘এখন ফুটবলে দলগুলোর মধ্যে ব্যবধান অনেক কমে গেছে। এবারের বিশ্বকাপ আগের চেয়ে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে। অনেক দলই চমক দেখাচ্ছে এবং গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলছে।’

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা। আর সেই অভিযানে দলের আস্থা ও অনুপ্রেরণার বড় উৎস হয়ে আছেন অধিনায়ক লিওনেল মেসি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর