বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

যাত্রীদের নামিয়ে দিয়ে সব বাস ফেরিতে ওঠার বিধান বাস্তবায়িত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহত হয়নি।

শুক্রবার (৫ জুন) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার কাজী আরিফ বিল্লাহর সই করা এক বার্তায় এই দাবি করা হয়। নৌ মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কর্তৃক দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এদিন সকাল ৯টা ২৫ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের নন-এসি বাসটি ৭ নম্বর ফেরিঘাটের ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র‍্যাম্প (ডালা) ভেঙে নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএর ডুবুরি ইউনিট। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি টেনে তুলতে সক্ষম হয়। এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একইভাবে বাস ডুবে ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর কর্তৃপক্ষ নিয়ম করে যে, ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী এসবি পরিবহনের বাসটির যাত্রীরা আগেই নেমে পায়ে হেঁটে ফেরির দিকে যাচ্ছিলেন। ফলে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘাটে কোনো নিখোঁজ যাত্রীর স্বজনদের ভিড় বা আহাজারি দেখা যায়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর