সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন, ঘোষণার অপেক্ষা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারিত হয়েছে। তবে বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

রবিবার (৮ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরে নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পর্ষদের সদস্য আহমেদ আলমোলহোদা।

তিনি বলেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারিত হয়েছে।

পর্ষদের সচিক আহমেদ হোসেইনি বুশেহরি বর্তমানে সর্বোচ্চ নেতার নাম ঘোষণা দেওয়ার দায়িত্বে আছেন। তার মাধ্যমেই বিষয়টি জনসমক্ষে জানানো হবে।’ 

এর আগে ইরানি বার্তা সংস্থা মেহরকে দেওয়া এক ভাষণে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি বলেন, নতুন নেতা নির্ধারণের বিষয়ে সদস্যদের মধ্যে প্রায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে এখনও কিছু প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, যেগুলো সমাধান করা প্রয়োজন।

 

এর আগে গত শনিবার পর্ষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, নতুন সর্বোচ্চ নেতা বাছাই করতে সদস্যরা ‘খুব শিগগিরই, সম্ভবত এক দিনের মধ্যেই’ বৈঠকে বসবেন।

ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মূল সিদ্ধান্ত নিয়ে সদস্যদের মধ্যে বড় কোনো মতভেদ নেই। তবে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে; চূড়ান্ত সিদ্ধান্ত কি অবশ্যই সশরীরে বৈঠকের মাধ্যমে নিতে হবে, নাকি বর্তমান পরিস্থিতিতে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও ঘোষণা দেওয়া যেতে পারে।

ইরানি সংবাদমাধ্যম নুর নিউজ প্রকাশিত একটি ভিডিওতে পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির জানান, নিরাপত্তা ও পরিস্থিতিগত কারণে এখন সব সদস্যের একসঙ্গে উপস্থিত হয়ে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে।

প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা মাথায় রেখে একজন সম্ভাব্য প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। 

ওই নির্দেশনায় বলা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা এমন ব্যক্তিই হওয়া উচিত, যিনি শত্রুদের প্রশংসা নয় বরং ঘৃণার কারণ হবেন। এ প্রসঙ্গে তিনি ইঙ্গিত করে বলেন, নির্বাচিত সম্ভাব্য উত্তরসূরির নাম এমনকি ‘বড় শয়তান’ হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্রও প্রকাশ্যে উল্লেখ করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনি তার কাছে গ্রহণযোগ্য পছন্দ নন। মোজতাবা খামেনি হলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।

 

বিশ্লেষকদের মতে, যদি শেষ পর্যন্ত মোজতাবা খামেনির নাম ঘোষণা করা হয়, তাহলে সেটি হবে ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নেতৃত্ব পরিবর্তনের একটি ঘটনা।

সূত্র: বিবিসি, রয়টার্স।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর