প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষর করা এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যেন জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
বায়ান্নর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।