সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন নুর মোহাম্মদ।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে বিএনপিতে যোগ দেন তিনি।
ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ বলেন, পূর্বের জামায়াতে ইসলামী এবং বর্তমান জামায়াতে ইসলামী এক নয়।
এ সময় তিনি বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত করার জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির পক্ষ থেকে শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদকে বিএনপিতে যোগদানের জন্য অভিনন্দন জানানো হয়। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।